সাংবাদিকদের জন্য টিসিবি পণ্য

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের জন্য ন্যায্যমুল্যে টিসিবির পন্য বিক্রির ব্যবস্থা হচ্ছে। তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদের উদ্যোগে এ ব্যবস্থা হয়েছে।

রোববার দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে সংগঠনের চারজন সাবেক নেতা তথ্যমন্ত্রীর সাথে তার বাসভবনে দেখা করেন। তারা তথ্যমন্ত্রীর কাছে প্রস্তাব রাখেন সাংবাদিকদের জন্য ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি করার। তাদের এ প্রস্তাবে তথ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে বাণিজ্যমন্ত্রীর সাথে কথা বলে বিষয়টি চুড়ান্ত করেন। বিষয়টি তিনি তখনই জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনকে অবহিত করেন।

জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক জানান, সাংবাদিক নেতারা তথ্যমন্ত্রীর কাছে সাংবাদিকদের ঝুঁকি ভাতা প্রদান, স্বাস্থ্য বীমা চালু, নিয়মিত বেতনভাতা প্রদান এবং চাকরিচ্যুতি ও প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া রোধকল্পে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সাংবাদিক নেতারা অসচ্ছল সাংবাদিকদের জন্য অনুদানের ব্যবস্থা করার কথাও বলেন। তারা বলেন, কর্তব্যরত সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা জরুরী।

নেতাদের প্রস্তাবিত বিষয়গুলো সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে মন্ত্রী আশ্বাস দেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে ধন্যবাদ জানিয়ে নেতারা বলেন, সাংবাদিকদের জন্য যে কোন পদক্ষেপ যেন ইউনিয়নের বর্তমান নির্বাচিত নেতাদের সাথে আলোচনা করে নেয়া হয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএফইউজে’র সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, সাবেক সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং সাবেক মহাসচিব ও বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *