অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই

১৪ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): পৌর নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সাথে সাক্ষাত করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

রোববার দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জিয়াউদ্দিন আহমেদ বাবলু দাবি করেছেন, ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পটিয়া, লালমনিরহাট, রাঙামাটি ও রামগতি পৌর নির্বাচনে সরকার সমর্থক সন্ত্রাসীরা প্রশাসনের চোখের সামনে ভোট কেন্দ্র দখল করেছে। সন্ত্রাসের কারণে এ সব ভোট কেন্দ্রে ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোট দিতে আসা ভোটাররা পালিয়েছেন। সাধারণ ভোটাররা ভোট দিতে পারেননি নির্বাচনে। নির্বাচনে এমন পরিবেশে ভোটের প্রক্রিয়া ভেঙে চুরমার হয়ে গেছে। যা দেশ ও জাতির জন্য অশনি সংকেত।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাতীয় পার্টি কখনোই প্রশ্নবিদ্ধ ভোট ব্যবস্থা সমর্থন করে না। গণতান্ত্রিক রাজনীতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।

তিনি বলেন, বিগত স্থানীয় ও জাতীয় নির্বাচন অনিয়মের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। তা থেকে নির্বাচন কমিশন এখনও বের হতে পারেনি।

গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এসময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, প্রতিটি অভিযোগ তদন্ত করা হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় পার্টি/এসকেএম/রমু