আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ হবে না

নিউজ ডেস্ক: আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ হবে না। এমন মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘স্বপ্ন ও সম্ভাবনার স্ফুলিঙ্গ- শেখ রাসেল’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাস আওয়ামী লীগের, বিএনপির নয়। ১০ ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই, ডিসেম্বর বিজয়ের মাস। বিজয়ের পতাকা হাতে লাখ লাখ মানুষ রাজপথে নামবে। লাখ লাখ মানুষ পতাকা হাতে রাজপথে থাকবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের সাথে খেলবেন? আওয়ামী লীগের সাথে খেলায় পারবেন না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক।

তিনি বলেন, ৭১ এর পরাজিত শক্তি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরাও ডিসেম্বর থেকে পতাকা হাতে রাজপথে থাকবো।

দুর্ভিক্ষ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তার পাল্টা জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আগামীতে দুর্ভিক্ষের আশঙ্কা আছে। আইএমএফ ও বিশ্বব্যাংক যে পূর্বাভাস দিয়েছে শেখ হাসিনা সেটাই বলেছেন। এখানে অন্যায় কী করেছেন? আর উনি (মির্জা ফখরুল) দেখেছেন বাংলাদেশের দুর্ভিক্ষ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে নাকি এখন দুর্ভিক্ষ হচ্ছে। কোথাও একজন মরেছে? সোমালিয়ায় মরেছে। সোমালিয়ায় গিয়ে দেখুন। বাংলাদেশকে সোমালিয়া বানাবেন না। বাংলাদেশ ইনশাল্লাহ সোমালিয়া-আফগানিস্তান হবে না। বাংলাদেশে সেই পরিস্থিতি হয়নি।

তিনি বলেন, সংকট আছে- সেটা প্রধানমন্ত্রী স্বীকার করেছেন। একটা লোকও মরেনি কিন্তু এ পর্যন্ত আল্লাহর রহমতে। আমাদের খাদ্য আছে, তেলের একটু সংকট আছে। কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ব্রুনাই থেকেও জ্বালানি আনার ব্যাপারে সহযোগিতার চুক্তি হয়েছে।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *