আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩ দিন ভারতে ভারি যানবাহন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে চলাচলরত ভারি যানবাহন ও আন্তর্জাতিক বাস চলাচল আগামী তিন দিন বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

মূলত উত্তর-পূর্বাঞ্চল ভারতের সাথে আখাউড়া স্থলবন্দর সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আগরতলা-আখাউড়া সড়কের জাজি নদীর ওপর পুরাতন ও জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে নির্মাণ করা হচ্ছে আধুনিকমানের পিসি গার্ডার ব্রিজ।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সেতু নির্মাণকাজে আখাউড়া-আগরতলা সড়ক বন্ধ থাকলেও বিকল্প গ্রামীণ সড়ক দিয়ে ছোট যানবাহনে করে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক থাকবে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ মোহাম্মদ খাইরুল আলম এবং আখাউড়া স্থলবন্দর কাস্টমস রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার জানান, বন্দর সড়কে ভারি যান চলাচল বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ