আন্দোলন শান্তিপূর্ণ হতে হবে

নিউজ ডেস্ক, টাঙ্গাইল: বিএনপিকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে, না হলে লাঠি দিয়েও আত্মরক্ষা হবে না। এমনটাই বলেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক।

শুক্রবার বিকালে টাঙ্গাইলের পৌর উদ্যানে শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, জাতীয় বা সামাজিক যে কোন সমস্যা নিয়ে সমাবেশ, মিছিল, মিটিং করা ও প্রতিবাদ জানানো যে কোন রাজনৈতিক সংগঠন বা দলের মৌলিক অধিকার। আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে, এসব সমাবেশ, মিছিল-মিটিং সুশৃঙ্খল হতে হবে, শান্তিপূর্ণ হতে হবে। কোনভাবেই মানুষের জীবন-মালের উপর হুমকি বা ঝুঁকি সৃষ্টি করা যাবে না। কিন্তু আমরা দেখছি, বিএনপি সমাবেশ করে মানুষের জীবন-মালকে হুমকিতে ফেলছে। সমাবেশ করতে এসেই পুলিশের উপর আক্রমণ করছে।  তখন পুলিশ বাধ্য হয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বিএনপিকে নিবৃত্ত করার জন্য।

তিনি বলেন, যে কোন মানুষের, সে সরকারি দলের হোক বা বিরোধী দলের হোক, নিরাপত্তা দেয়ার দায়িত্ব পুলিশের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বিএনপি যদি মনে করে তারা লাঠি দিয়ে আত্মরক্ষা করবে, তাহলে তারা ভুল পথে আছে। লাঠি নিয়ে বা লাঠিতে পতাকা বেঁধে সমাবেশ, মিছিল-মিটিং করা সরকার মেনে নেবে না।

মন্ত্রী বলেন, বিএনপি মিথ্যাচার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তারা ২০১৩ সালে আবার ফিরে যেতে চাচ্ছে। তারা নির্বাচনে যাবে না, বরং গাড়িতে আগুন দিবে, ট্রেনে আগুন দিবে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারবে, বিদ্যুতের লাইন তুলে ফেলবে।

তিনি বলেন, আমরা কোনভাবেই এটা করতে দিব না। মানুষের জান-মালের নিরাপত্তার জন্য যা যা করা দরকার, সরকার তাই করবে।

কৃষিমন্ত্রী/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ