নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অবৈধ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমা পেতে সহযোগিতা দেবে আবুধাবিতে দূতাবাস ও দুবাইয়ে কনস্যুলেট অফিস।
আসছে পয়লা সেপ্টেম্বর থেকে দেশটির সরকার রেসিডেন্স ভিসা লঙ্ঘনকারীদের দুই মাসের জন্য সাধারণ ক্ষমা করার একটি নির্দেশনা জারির পর এ ঘোষণা দেন তারা।
রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর গণমাধ্যমকে বলেন, যদিও এটা কেবল মেয়াদ উত্তীর্ণ রেসিডেন্স ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য, ভিজিট ভিসায় এদেশে এসে অবৈধ হওয়া প্রবাসীদের জন্য নয়, তবুও এতে হাজার হাজার প্রবাসী উপকৃত হবেন। আমিরাতে বৈধভাবে আসা রেসিডেন্স ভিসাধারীদের যাদের বিভিন্ন কারণে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং তা নিয়মিত করতে প্রচুর অর্থ জরিমানা এসেছে তাদের জন্য এটি স্বস্তির সংবাদ।
দেশটিতে বাংলাদেশিদের অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার যেখানে একরকম হচ্ছেই না, সেখানে এই ধরনের সাধারণ ক্ষমায় তারা কীভাবে লাভবান হবেন, এ প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, ট্রান্সফার একেবারে যে হচ্ছে না তা তো নয়, সীমিতভাবে দুবাইয়ে হচ্ছে।
এ বিষয়ে দুবাইয়ে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, প্রবাসীদের যাদের পাসপোর্ট নেই অথচ সাধারণ ক্ষমার সুযোগ নিতে চান, তারা যেন দ্রুত পাসপোর্ট পেতে পারেন সেজন্য যা যা করণীয় আমরা করবো। তবে পাসপোর্ট যেহেতু এখানে প্রিন্ট হয় না, তা পেতে এক থেকে দেড় মাস সময় লাগে, সেজন্য প্রবাসীরা যেন আগেভাগে পাসপোর্টের জন্য আবেদন করেন। কারণ পাসপোর্ট না পেলে কেউ এ সুযোগ গ্রহণ করতে পারবেন না। আমরা চাই না পাসপোর্টের জন্য কেউ এ সুযোগ থেকে বঞ্চিত হোক।
আসছে পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমা চলাকালীন সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্স ভিসাধারীরা যারা দেশটিতে বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন, তারা তাদের রেসিডেন্স ভিসা নিয়মিত করতে কিংবা জরিমানা ছাড়া দেশত্যাগের অনুমতি পাবেন। প্রবাসীদের প্রত্যাশিত এ সাধারণ ক্ষমার ফলে অবৈধ রেসিডেন্ট পারমিটধারীরা পাবেন বৈধ হওয়ার সুযোগ।
যারা এর আগে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন, কিন্তু নানা কারণে অবৈধ হয়ে পড়েছেন তারা পয়লা সেপ্টেম্বর থেকে দুই মাসের মধ্যে নতুন স্পন্সরের অধীনে বৈধ হওয়ার সুযোগ পাবেন কিংবা কোনোরকম জেল-জরিমানা বা স্থায়ী নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন। সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তির নিশ্বাস ফেলছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা।
এর আগে ২০১৮ সালের অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সবশেষ সাধারণ ক্ষমা বলবৎ ছিল। এ সময় প্রায় ৫০ হাজার অবৈধ হয়ে পড়া বাংলাদেশি সেই সাধারণ ক্ষমার সুযোগ নেন। তারও আগে ২০০৭ ও ২০১৩ সালে আরও দুটি সাধারণ ক্ষমা ঘোষিত হয়েছিল।
আরব আমিরাত/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply