আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ

১৯ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): আশা জাগিয়েও জয় ছিনিয়ে নিতে পারেনি বাংলাদেশ দল। ১২৭ রান করেও জয়ের সুযোগ তৈরি করেছিল টাইগাররা। কিন্তু শেষ দিকে ইনিংসের শুরুর মতো বোলিং করতে না পারায় ৪ উইকেটে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। শেষ ওভারের দ্বিতীয় বলে আমিনুল ইসলামের বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ।

প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৪০ রান। তবে আফিফ হোসনে, নুরুল হাসান সোহান ও মেহেদি হাসানের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ৮৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়ে যায় পাকিস্তান। ২৪ রানে পাকিস্তানের প্রথম সারির ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান টাইগাররা। কিন্তু এই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে না পারায় শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

পাকিস্তানের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন ফখর জামান, খুশদিল শাহ। শেষ দিকে রীতিমতো ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়েছেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ।

জয়ের জন্য শেষ ১৮ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৩২ রান। পাকিস্তানের দুই লেজের ব্যাটসম্যান শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালাম।

১৮তম ওভারে মুস্তাফিজুর রহমানের মতো তারকা বোলারকে দুই চার ও এক ছক্কা হাঁকিয়ে ১৫ রান আদায় করে নেন শাদাব-নওয়াজ। ঠিক পরের ওভারে শরিফুলও সুবিধা করতে পারেননি। ১৯তম ওভারে দুই ছক্কায় ১৫ রান খরচ করেন তিনি।

শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ২ রান। লেগ স্পিনার আমিনুলের করা দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন লেগ স্পিনার শাদাব খান।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ