২৫ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেয়েছে টাইগাররা। সেই সাথে দুই ম্যাচে টানা জিতে আইসিসি’র ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো বাংলাদেশ ক্রিকেট দল।
শ্রীলংকাকে দুই ম্যাচে ৩৩ ও ১০৩ রানে হারানোর মধ্য দিয়ে তামিম ইকবালরা ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে হটিয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যায়।
ওয়ানডে সুপার লিগের এ তালিকার ভিত্তিতেই ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে শীর্ষে থাকা দলগুলো। তবে বিশ্বকাপের আয়োজক হওয়ায় ভারত সুপার লিগের এ পয়েন্ট তালিকায় বিশেষ গুরুত্ব পাবে না। আয়োজক হিসেবে বিরাট কোলিরা সরাসরি বিশ্বকাপ খেলবেন।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ভর করে ৪৮ ওভারে ২৪৬ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ১২৭ বলে ১০টি চারের সাহায্যে ১২৫ রান করেন মুশফিক। এছাড়া ৪১ রান করেন মাহমুদউল্লাহ। ২৫ রান করেন লিটন।
টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসান ও মেহেদী হাসানদের স্পিনে বিভ্রান্ত হয়ে বৃষ্টি আইনে ১৪১ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার ধানুশকা গুনাথিলাকা। ২০ রান করেন পাথুম নিশাঙ্কা।
বাংলাদেশ দলের হয়ে মিরাজ ও মুস্তাফিজ ৩টি করে উইকেট নেন। দুই উইকেট নেন সাকিব।
ক্রিকেট/এসকেএম/আরএম















