নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) সামর্থ্য অনুযায়ি যে কয়টা আসনে ইভিএম দিতে পারবে, আওয়ামী লীগ তা মেনে নেবে। এমনটাই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সোমবার বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর সংলগ্ন কচুক্ষেত রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনেই ইভিএম চাই। তবে কমিশন সামর্থ্য অনুযায়ি যা করতে পারবে তাই আমরা মেনে নেবো।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ আওয়ামী লীগ সাথে রয়েছে, বিএনপির সাথে নেই। টেমস নদীর পাড় থেকে আসা অদৃশ্য নির্দেশে চলা বিএনপি রাজনীতিকে নষ্ট করেছে। এর অবসান হতে হবে। এ থেকে বের হয়ে আসতে না পারলে বিএনপি কখনও আন্দোলন ও নির্বাচনে সফল হবে না।
বিএনপিকে ‘গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ হত্যাকারী’ অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, তারা কী করে রাষ্ট্র মেরামত করবে যারা এক কোটি ভুয়া ভোটার, ভুয়া ভোটের জন্ম দিয়েছে। রাষ্ট্র মেরামত করবে শেখ হাসিনার সরকার। এদেশে প্রথম নির্বাচন কমিশনকে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে তার সরকার।
দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা বিএনপি ধ্বংস করেছে দাবি করে তিনি বলেন, তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। আর মেরামত করেছেন শেখ হাসিনা। বিশ্ব সংকটে বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে সংকটে সেখানে বাংলাদেশের সুনাম করছে অনেকেই।
সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ লাখ শীতবস্ত্র দিয়েছেন জানিয়ে তিনি বলেন, শীতে মানুষ কষ্টে আছে। আমরা মানুষের পাশে আছি। মানুষের যেকোনও কষ্টে শেখ হাসিনার নেতৃত্বে পাশে ছিলাম, আছি, থাকব।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply