ঈদযাত্রায় যুক্ত হবে ঢাকায় চলা বিআরটিসির ৫৫০ বাস

নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় চলাচল করা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) ৫৫০টি বাস দূরপাল্লার পথে চলবে। পাশাপাশি আগে থেকে চলাচল করা সব দূরপাল্লার বাস স্বাভাবিকভাবে চলাচল করবে।

সোমবার সকালে মতিঝিলের বিআরটিসি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, আমরা গত সপ্তাহে ঈদ উপলক্ষে মিটিং করেছি। সেখানে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে ঢাকা শহরে আমাদের ৬০০টি বাস আছে। এখান থেকে ঢাকা শহরের জন্য ৫০টি বাস রেখে বাকি ৫৫০টি বাস ঈদ সার্ভিসে যুক্ত করা হবে। এ ছাড়া আমাদের বাকি দূরপাল্লার বাসগুলো নিয়মিত চলবে। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঈদ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা পত্রিকায় গণবিজ্ঞপ্তি আকারে কয়েক দিনের মধ্যেই দিয়ে দেব।

তাজুল ইসলাম বলেন, আমাদের বহরের গাড়িগুলোর মাত্র ৩৪টি গাড়ি লিজে আছে। আমরা আর গাড়ি লিজে চালাব না। এটি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।

তিনি আরও বলেন, ২০২০ সালে ১ হাজার ৮২৫টি বাসের মধ্যে ৮৮৫টি বাস অনরুট ছিল। ২০২১ সালে ১ হাজার ৭৬২টি বাসের মধ্যে ১ হাজার ১০৬টি বাস অনরুট ছিল, ২০২২ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৩৩টি বাস রুটে ছিল এবং ২০২৩ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৫৩টি বাস রুটে ছিল। অর্থাৎ রক্ষণাবেক্ষণের মাধ্যমে অনেক অকেজো বাসও চালু করা হয়েছে।

ঈদযাত্রা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *