১৩ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, কক্সবাজার): কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবিরে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা নেতা।
রোববার ভোরে কুতুপালং ক্যাম্প-২ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা নেতা আবুল কালাম কুতুপালং শিবিরের বাসিন্দা। এ ঘটনায় আহতরা হলেন- ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ আমিন ও সাব মাঝি মোহাম্মদ জাফর।
ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক জানান, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে দুই পক্ষের সংর্ঘষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে।
এপিবিএন সূত্রে জানা গেছে, রোববার ভোর ৬টার দিকে ক্যাম্প ২ ইস্টের বি-৫ ব্লকের সাব মাঝি আবুল কালামকে নিজ বসতঘরের বাইরে নূর মোহাম্মদ, ইব্রাহীম, ফরিদ, জোবায়ের ও জাবের মারধর করেন। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সকাল সাড়ে ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়।
উখিয়া থানার ওসি গাজী সালাহ উদ্দিন বলেন, কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন এক রোহিঙ্গা মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার সাথে যারা জড়িত, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
রোহিঙ্গা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply