ঐক্যবদ্ধ থাকলে কোন রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না

১৯ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোন রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না। এমনটাই বলেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজধানী ঢাকার বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে সেতু মন্ত্রী বলেন, আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐকবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে, দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

ত্যাগীদের বাদ দিয়ে বসন্তের কোকিলদের নেতা বানালে দল দুর্বল হয়ে যাবে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, খারাপ লোকদের কোন ভাবেই নেতা বানানো যাবে না। ত্যাগীদের মূল্যয়ন করতে হবে। দুঃসময়ের কর্মীদেরকে দলের প্রাণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বসন্তের কোকিলদের আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না।

পাবনা জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লালের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান ও এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অন্যরা বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *