স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে সরিয়ে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। এর আগে টানা প্রায় ৫ বছর ধরে ১ নম্বর অলরাউন্ডার ছিলেন সাকিব।
নবী সাকিবকে পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে। সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন নবী। আফগান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
২০১৯ সালের ৭ মে রশিদ খানের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিলেন সাকিব। আর সাকিবের কাছ থেকে জায়গা নিলেন আরেক আফগান নবী। চোটের কারণে বিশ্বকাপের পর সাকিব আর ওয়ানডে খেলেননি। খেলবেন না আগামী শ্রীলঙ্কা সিরিজেও।
৩৯ বছর ১ মাস বয়সে শীর্ষস্থানে উঠেছেন নবী, যা সবচেয়ে বেশি বয়সে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল তিলকরত্নে দিলশানের। শ্রীলঙ্কার ব্যাটিং-অলরাউন্ডার সবশেষ ১ নম্বর ছিলেন ২০১৫ সালের জুনে। সে সময়ে তার বয়স ছিল ৩৮ বছর ৮ মাস।
সাকিব আল হাসান/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply