ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে পরিবর্তন আনল আইসিসি

১৭ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): আবারও পুরোনো নিয়মে ফিরে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই-প্রক্রিয়া। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে থাকছে না বিশ্বকাপ সুপার লিগের নিয়ম। ফলে র‍্যাঙ্কিংভিত্তিক বাছাইয়ের সাথে বৈশ্বিক বাছাইপর্বের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে দলগুলো।

বুধবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

২০২৭ সালের প্রতিযোগিতা হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ের মাঠে। এই বিশ্বকাপে চারটি দল বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে আসরে খেলবে মোট ১৪টি দল। মূলত দলের সংখ্যা বাড়ানোর কারণেই র‌্যাংকিং পদ্ধতিতে ফিরে যাচ্ছে আইসিসি। নির্দিষ্ট একটি তারিখে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ ১০-এ থাকা দলগুলো জায়গা পাবে বিশ্বকাপে। বাকি দলগুলো আসবে বাছাই পর্ব পেরিয়ে। এরইমধ্যে প্রধান নির্বাহীদের কমিটির দেয়া প্রস্তাব আইসিসি বোর্ড গ্রহণ করেছে।

তবে ২০২৩ সালে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে অবশ্য সুপার লিগ পদ্ধতিতে বাছাই হবে। প্রতিটি দল খেলবে ৮টি করে সিরিজ। প্রতিটি দল নিজেদের মাটিতে চারটি এবং প্রতিপক্ষের মাটিতে চারটি করে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজ হবে তিন ম্যাচের। এরপর শীর্ষ সাত দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে ভারত। সবমিলিয়ে ওই বিশ্বকাপে মোট ১০ দল খেলবে।

আইসিসি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *