দলের প্রতিষ্ঠাতা সভাপতি, কিংবদন্তী বিপ্লবী নেতা কমরেড মনি সিংহের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি।

মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমরেড মণি সিংহের জন্মবার্ষিকীতে পোস্তগোলা মহাশ্মাশানে নির্মিত ‘মণি সিংহ স্মৃতিস্তম্ভ’-এ সিপিবি’র পার্টি সূত্রাপুর থানা কমিটিসহ বিভিন্ন শাখা শ্রদ্ধা নিবেদন করে।
ব্রিটিশ বিরোধী সংগ্রামী টংক আন্দোলনের নেতা কমরেড মণি সিংহের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয় সংক্ষিপ্ত সভার। সিপিবি সূত্রাপুর থানার সাধারণ সম্পাদক বিকাশ সাহার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা কমিটির দক্ষিণের সমন্বয়ক জাহিদ হোসেন খান, মানবেন্দ্র দেব, সাইফুল ইসলাম সমীর ও গোলাম রাব্বী খান।
বক্তারা বলেন, জমিদার পরিবারে জন্ম নিয়েও কমরেড মণি সিংহ তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। কৃষকদের টংক আন্দোলনে তিনি ছিলেন পুরাধা ব্যক্তিত্ব। মার্কসবাদে দীক্ষা নিয়ে কমিউনিজমের আদর্শে নিজেকে তৈরী করেছেন। এটি সহজ বিষয় নয়, নিজের সাথে যুদ্ধ করা সবচেয়ে কঠিন কাজ। যে কাজটি অবলীলায় কিশোর বয়সেই করতে পেরেছিলেন তিনি।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় ৭০ বছর বয়েসেও তিনি দেশের মুক্তি সংগ্রামে নিরলস কাজ করে গেছেন।
তারা বলেন, বর্তমানে দেশে শোষকেরা আরও নির্মম হচ্ছে। দেশ আজ লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। গণতন্ত্রহীনতা-দূর্নীতি-বিচারহীনতার সংস্কৃতি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। এ অবস্থায় কমরেড মণি সিংহের আদর্শ ধারণ করে দেশ ও মানুষকে বাচাতে তীব্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলেই কমরেড মণি সিংহের স্বপ্ন তথা মেহনতী মানুষের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে।

এদিকে, নেত্রকোণার সুসং দুর্গাপুরে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড মণি সিংহের ছেলে ডাক্তার দিবালোক সিংহ টুটুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্গাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ, স্থানীয় সিপিবি, ছাত্র ইউনিয়ন, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
আলোচনা সভা শেষে শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন।















Leave a Reply