করোনাকাল আরও দুই বছর?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধনম গেব্রিসাস মন্তব্য করেছেন, দুই বছরের কম সময়ের মধ্যে কোভিড- ১৯ মহামারির অবসান হবে। কোটি কোটি মানুষের প্রাণসংহারী স্প্যানিশ ফ্লু মহামারি থামতে দুই বছর লেগেছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করছি ভ্যাকসিনের মতো ভাইরাস প্রতিরোধী উপকরণ পাবো। আমি মনে করি ১৯১৮ সালের ফ্লু’র চেয়ে কম সময়ে আমরা এই মহামারি থেকে মুক্তি পাবো।

শুক্রবার জেনেভায় আয়োজিত সংবাদ সম্মেলনে টেড্রোর্স সবাইকে সতর্ক করে বলেছেন, ভ্যাকসিন অথবা কার্যকর চিকিৎসা না পাওয়া পর্যন্ত দেশগুলোকে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর কার্যক্রম চালিয়ে যেতে হবে। তবে এ ক্ষেত্রে কোন নিশ্চয়তা নেই, এমনকি ভ্যাকসিন থাকলেও নয়, যতদিন না মহামারি নিজে থেকে শেষ না হয়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, বিশ্ব এখন অনেক বেশী আন্তঃসম্পর্কযুক্ত। এ কারণেই ১০০ বছর আগের তুলনায় ভাইরাস সহজেই ছড়িয়ে পড়তে পারে। তবে মানুষের সামনে এখন আধুনিক প্রযুক্তি ও জ্ঞান মহামারি প্রতিরোধে কার্যকর সরঞ্জাম ও উপায় রয়েছে। এখন দেশগুলোর কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ এবং সংক্রমন এড়ানোর জন্য তাদের দৈনন্দিন জীবনযাত্রায় সামঞ্জস্য করা উচিত। বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় ২ কোটি ২৮ লাখ ৪০ হাজার লোক আক্রান্ত হয়েছে এবং প্রায় ৮ লাখ মানুষ মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *