২৮ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): প্রথমবারের মত দেশের বাইরে এক টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় অর্থাৎ সব ফর্মেটেই ট্রফি জিতে দেশে ফিরছে টাইগাররা।
বৃহস্পতিবার সকালে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে টাইগারদের।

হারারে এয়ারপোর্ট থেকে প্রথমে জোহানেসবার্গ যাত্রা। দুই ঘণ্টার বিমান ভ্রমণ শেষে জোহানেসবার্গ বিমান বন্দরে অন্তত ঘণ্টা চারেকের বিরতি। এরপর কাতার এয়ারওয়েজে করে দোহার পথে যাত্রা শুরু হবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। দোহা এসে একইভাবে কানেক্টিং ফ্লাইটে তারা ফিরে আসবেন ঢাকায় এবং ফ্লাইটে বিলম্ব না হলে কাল সকাল নয় টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন ক্রিকেটাররা।
এরপর বিমান বন্দর থেকে সোজা ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবে টিম বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ দল এখানেই অবস্থান করবে। পাশাপাশি এক দিন বিকেলে ঢাকায় এসে অস্ট্রেলিয়া দলও উঠবে হোটেল ইনটারকনে।
ক্রিকেট/এসকেএম















