খালেদা জিয়ার ভুয়া জন্মদিন রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির

২২ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): ১৫ আগস্টে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন এদেশের রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার ‘চট্টগ্রাম প্রেসক্লাবে’ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিই এদেশে হত্যা, সন্ত্রাসের জনক। বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য আস্থার ঠিকানা হচ্ছে বিএনপি।

১৫ আগস্ট হত্যাকান্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নেই’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করা, নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়াই প্রমাণ করে জিয়াউর রহমান জড়িত। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে?

ওবায়দুল কাদের বলেন, ’৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকান্ডের মাস্টার-মাইন্ড ছিলেন জিয়াউর রহমান। আর  হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান ছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও চট্টগ্রাাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *