গজারিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে আগুন

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের মুজিববর্ষের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরটির বারান্দার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পরিকল্পিতভাবে ঘরটিতে আগুন লাগানো হয়েছে বলে দাবি ঘর মালিকের।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা জানান, সোমবার রাত ১১টার দিকে আশ্রয়ণ প্রকল্পের সুমি বেগমের ঘরের বারান্দায় তারা আগুন দেখতে পান। আশপাশে লোকজন থাকায় আগুন ছড়ায়নি। স্থানীয়দের চেষ্টায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগেও গত বুধবার রাতে এই আশ্রয়ণ প্রকল্পের বিধবা বিলকিস বেগমের ঘরের জানালার বাইরের অংশে আগুন দেখতে পান তারা। সাথে সাথে তা নিভিয়ে ফেলায় তেমন কোনও ক্ষতি হয়নি।

ভুক্তভোগী ঘর মালিক বিধবা সুমি বেগম জানান, তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। দুই সন্তানকে বাবার বাড়িতে রেখে তিনি বাবার সাথে হাসপাতালে ছিলেন। এর মধ্যে বুধবার ৪টার সময় খবর পান তার ঘরের সামনে জড়ো করে রাখা খড়কুটোয় আগুন লাগানো হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা সেটি নিভিয়ে ফেলেন।

এরপর সোমবার রাত ১১টার সময় তিনি জানতে পারেন তার ঘরের বারান্দায় আগুন দেয়া হয়েছে। আগুনে ঘরের বারান্দার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরের সামনে জড়ো করে রাখা প্রতিবেশী হাসান আলীর ধান পুড়ে গেছে। বিষয়টি পরিকল্পিত উল্লেখ করে এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, আগুনের ঘটনা সত্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরটি রাস্তার পাশে। কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে নাকি কোনও উৎস থেকে আগুন লেগেছে বিষয়টি আমরা খতিয়ে দেখব।

অগ্নিকাণ্ড/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *