নিউজ ডেস্ক: গাজীপুরের সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় হাজিরা-বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কারখানার শ্রমিকরা।
রোববার সকালে তারা বিক্ষোভ শুরু করেন।
জানা যায়, বিভিন্ন সময় গাজীপুরের সদর উপজেলার বাঘেরবাজার এলাকার মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। রোববার সকালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা-বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে বাঘেরবাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ও ময়মনসিংহগামী উভয় লেন দখল করে রাখেন। এতে মহাসড়কের ওই অংশ ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্পপুলিশ কাজ করছে।
অপরদিকে রোববার সকাল থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুনবাজার এলাকার অ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা ন্যূনতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বৃদ্ধিসহ গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন।
এ বিষয়ে শিল্পপুলিশের শ্রীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক বলেন, দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। এর মধ্যে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আমরা দুটি কারখানার কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
গাজীপুর/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply