গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত আরেক শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরেক শ্রমিক মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদ জালাল উদ্দিন নামের ওই শ্রমিকের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

৪০ বছর বয়সী জালাল উদ্দিন জরুন এলাকার ইসলাম গ্রুপের সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাঁশহাটি গ্রামের চান মিয়ার ছেলে। জালাল জরুন এলাকার ফজল মোল্লার ভাড়া বাসায় সপরিবার বসবাস করতেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন বলেন, আমরা শুনেছি তিনি মারা গেছেন, তবে এখনও নিশ্চিত নই। থানা থেকে একজন অফিসারকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি পৌঁছালে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ী জুরুন এলাকায় পুলিশের গুলিতে জামাল উদ্দিন ও আনজুয়ারা খাতুন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক আনজুয়ারাকে মৃত ঘোষণা করেন। আর গুলিবিদ্ধ জামালকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

শোক/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ