১৯ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): গোপালগঞ্জে পিকআপ ভ্যান ও নছিমনের সংঘর্ষে তিন জেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের রমেশ বিশ্বাসের ছেলে ২৫ বছর বয়সী মঙ্গল বিশ্বাস আক্কাস সরদারের ছেলে ৩০ বছর বয়সী লিমন সরদার ও আতাহার মোল্যার ছেলে ৩৫ বছর বয়সী জাবায়ের মোল্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গল, জুবায়ের ও লিমন সরদার টেকেরহাট এলাকা থেকে মাছ শিকার করে নছিমনে চড়ে নিজামকান্দি গ্রামে ফিরছিলেন। এসময় গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মোড় দিয়ে মহাসড়কে উঠার সময় গোপালগঞ্জগামী একটি পিকআপের সাথে তাদের নছিমনের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মঙ্গল বিশ্বাস ও জুবায়ের মোল্যা নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় লিমনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক আবু নাঈম মোহাম্মদ বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত নছিমনটি জব্দ করা হয়েছে। তবে নছিমনের চালক ও ওই পিকআপের চালক পলাতক।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply