২৬ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই। যদিও গত চার দশক ধরে দাবি করছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ সেখানেই দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করেন। তিনি গণভবন থেকে ভার্চ্যুয়ালি সভায় যুক্ত হন।
শেখ হাসিনা প্রশ্ন করেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই। তবু বিএনপি কেন এখানে গিয়ে মারামারি করে? বিএনপি জানে না সেখানে জিয়া নাই, জিয়ার লাশ নাই?
তিনি বলেন, ওখানে (চন্দ্রিমা উদ্যান) একটা বাক্স নিয়ে এসেছিল। সেখানে গিয়ে মারামারি ধস্তাধস্তি কেন? মারামারি ধস্তাধস্তির অভ্যাস তাদের এখনও যায়নি।
শেখ হাসিনা বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল, বাংলাদেশ ব্যর্থ হোক, স্বাধীনতার চেতনা মুছে যাক। তাদের সেটা করতে দিব না। জাতির পিতার নাম তারা আর মুছতে পারবে না। ‘আমার দেখা নয়াচীন’ বেরিয়েছে। জাতির পিতার বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্টও সাত খণ্ডে বেরিয়েছে, বাকিটাও বের হবে।
আরও পড়ুন: গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা
মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির-সহ অন্যান্য নেতারা।
প্রধানমন্ত্রী/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















