চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন নারী

নিউজ ডেস্ক: খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বগিতেই এক নারী সন্তান প্রসব করেছেন। সোমবার সকালে ‘ঙ’ বগিতে এমন ঘটনা ঘটেছে।

ট্রেনে সন্তান প্রসব করা নারীর নাম স্বর্ণা আক্তার। বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুগরি পান্তাপাড়া গ্রামে। তার স্বামীর নাম ইয়াসিন আরাফাত।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনটি তখন ঈশ্বরদীর কাছাকাছি এলাকায়। হঠাৎ ট্রেনের মধ্যেই স্বর্ণা আক্তারের প্রসব ব্যথা শুরু হয়। ট্রেনের কনডাক্টর গার্ড তাপস কুমার দে ও এটেনডেন্ট ইমরান হোসেনের মাধ্যমে খবর পান গার্ড ইলিয়াস কবির সেলিম। তখন ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে কোনও চিকিৎসক থাকলে এ ব্যাপারে সহায়তা চাওয়া হয়। ঘোষণা শুনে এগিয়ে আসেন যাত্রী হিসেবে থাকা ডাক্তার নাজনীন আক্তার।

এ সময় বগিতে অন্যান্য যাত্রীরা তাদের ব্যাগ থেকে বের করে দেন কাপড়। তা দিয়েই বগির ভেতরে ‘ওটি’ তৈরি করা হয়। এরপর ওই চিকিৎসকের তত্ত্বাবধানে ১০ মিনিটের মধ্যে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন স্বর্ণা আক্তার।

ট্রেনটি দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছুলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক নিজেই ছুটে যান উপহারসামগ্রী নিয়ে। তারপর রেলওয়ের অ্যাম্বুলেন্সে করেই নবজাতক সন্তানসহ মাকে একটি ক্লিনিকে পাঠানো হয়।

অসীম কুমার তালুকদার জানান, স্বর্ণাকে রাজশাহীতেই একটি ক্লিনিকে আনা হচ্ছিল সন্তান প্রসবের জন্য। সাথে কয়েকজন নারী ও এক দেবর ছিলেন। আসার পথে ট্রেনের ভেতরই স্বর্ণা সন্তান প্রসব করেছেন। তারা যে ক্লিনিকে যেতেন রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে করে সেখানে পাঠানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, মা ও নবজাতক সন্তান সুস্থ রয়েছে।

খুলনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *