জাটকা সংরক্ষণে অতিরিক্ত ৬ লাখ মেট্রিক টন ইলিশ আহরণ সম্ভব

৪ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): জাটকা যথাযথভাবে সংরক্ষণ করতে পারলে অতিরিক্ত ৬ লাখ মেট্রিক টন ইলিশ আহরণ করা সম্ভব। এমনটাই বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ইলিশ আন্তর্জাতিক পরিসরে জিআই সনদপ্রাপ্ত সুস্বাদু মাছ। বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ ইলিশ উৎপাদনকারী দেশ।

সোমবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২’ উপলক্ষ্যে আয়োজিত ‘ইলিশ সম্পদ উন্নয়নে সহনশীল আহরণ ও জাটকা সংরক্ষণ ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৮ হাজার মেট্রিক টন। সরকার গৃহীত ব্যবস্থাপনা কৌশল সঠিকভাবে বাস্তবায়নের ফলে ২০২০-২০২১ অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৬৫ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। বর্তমান সরকারের আমলে জাটকা ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ এবং অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে ইলিশের আকার অনেক সুষম হয়েছে। বাজারে বিভিন্ন আকারের ইলিশ মাছ প্রায় সব সময়ই পাওয়া যাচ্ছে।

মন্ত্রী বলেন, দেশের মৎস্য খাতকে সমৃদ্ধ করার জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। দেশের প্রায় ৬ লাখ লোক ইলিশ আহরণে সরাসরি সম্পৃক্ত। প্রায় ২০ থেকে ২৫ লাখ মৎস্যজীবী ও তাদের পরিবার-পরিজনের জীবন-জীবিকা ইলিশ আহরণ ও বিপণনের ওপর নির্ভরশীল।

শ ম রেজাউল করিম বলেন, ইলিশ সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং ইলিশ গবেষণার বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাটকা সংরক্ষণ ও ব্যবস্থাপনা, ইলিশের সহনীয় আহরণসহ অপরাপর কার্যক্রমের মাধ্যমে আগামীতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বিএফআরআই-এর মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক।

শ ম রেজাউল করিম/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *