জাতিসংঘ প্রাঙ্গণে শহীদ দিবস

০৭ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের উদ্যোগে প্রতি বছরের মত এবারও জাতিসংঘের সামনে শহীদ দিবস পালন করা হবে।

মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা জানিয়েছেন, মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ গত ২৯ বছর ধরে একুশে উপলক্ষে আন্তর্জাতিক বলয়ে মহান শহীদ দিবস পালন করে আসছে। এবছরও তারই ধারাবাহিকতায় জাতিসংঘের সামনে শহীদ দিবস পালনের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

তিনি জানান, জাতিসংঘের সামনে শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে ২০ ফেব্রুয়ারি, দুপুর ১টা ১ মিনিটে, ঢাকায় যখন একুশের প্রথম প্রহর।

তিনি প্রবাসী সব বাঙালিকে এই পুষ্পাঞ্জলিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, করোনা ভাইরাসের কারণে নিউইয়র্ক সিটির স্বাস্থ্যবিধি মেনে সবাই পুষ্পাঞ্জলি দিতে পারবেন। প্রতি বছরের মত এবছরও উপস্থিত সর্বকনিষ্ঠ শিশু প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। পরদিন ২১ ফেব্রুয়ারি। মুক্তধারা আয়োজন করবে একুশে স্মরণে বিশেষ স্মারক অনুষ্ঠান। অনলাইনে প্রচারিত এই ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে থাকবে অমর একুশের গান রচিয়তা আবদুল গাফফার চৌধুরীর সাথে নতুন প্রজন্মের প্রতিনিধিদের আলাপচারিতা, ‘একুশ থেকে একাত্তর’। তিনি লন্ডন থেকে এই অনুষ্ঠানে যুক্ত হবেন।

অনুষ্ঠানের আরও থাকবে ১৯৯২ সাল থেকে জাতিসংঘের সামনে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ তার ওপর ভিত্তি করে একটি প্রামাণ্য চিত্র।

এছাড়াও রয়েছে ‘কৃষ্ণচূড়ার গান’ এর লেখক ও গায়ক তাজুল ইমামের সাথে আলাপচারিতা। থাকবে একুশের কবিতা পাঠ ও গান পরিবেশন। অংশ নেবেন দেশ-বিদেশের বাঙালি শিল্পীরা।

জাতিসংঘ/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *