৮ জুন ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭৬তম অধিবেশনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে এক বছরের জন্যে বাংলাদেশ এ দায়িত্ব পালন করবে।
সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি নির্বাচিত হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ ছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছে কুয়েত, লাওস ও ফিলিপাইন।
নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, আর্ন্তজাতিক সম্প্রদায় বহুপক্ষীয় ফোরামে নেতৃত্বদানের ক্ষেত্রে বাংলাদেশের ওপর যে আস্থাশীল, এ নির্বাচন তারই বহিঃপ্রকাশ। বাংলাদেশ বহুপাক্ষিকতার বাহক এবং বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জ গুলো মোকাবেলায় জাতিসংঘের নেতৃত্বের প্রতি বিশ্বাসী।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী আবদুল্লাহ শহীদ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে, ২০১৬-১৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিল।
উল্লেখ্য, কোভিড-১৯ মহামারি ও তার প্রভাবের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সংবাদ বিজ্ঞপ্তি।
জাতিসংঘ/টিটি/কিউটি
















Leave a Reply