জাতীয় পার্টির ‘একদফা’ সুষ্ঠু নির্বাচন

নিউজ ডেস্ক: দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘আমাদের দফা একটি, সুষ্ঠু নির্বাচন।’

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে মুজিবুল হক এসব কথা বলেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইইউ প্রতিনিধিদলের সদস্যরা জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মশরুর মাওলার গুলশানের বাসায় পৌঁছান। পরে সেখানে জাতীয় পার্টির নেতাদের সাথে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন তারা।

বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক ছাড়াও দলটির চেয়ারম্যান জিএম কাদের ও চেয়ারম্যানের বিশেষ দূত মশরুর মাওলা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মুজিবুল হক সাংবাদিকদের বলেন, উনারা (ইইউ প্রতিনিধিরা) এসেছেন, ইউরোপীয় ইউনিয়নের আরেকটি টিম (প্রতিনিধিদল) আসবে ২৩ জুলাই। তারা বিভিন্ন দল ও পক্ষের সাথে আলোচনা করছেন আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, ভালোভাবে হয়, নিরপেক্ষভাবে হয়-এ বিষয়ে তারা কথা বলছেন। দুটি টিম তাদের মূল্যায়ন প্রতিবেদন দেয়ার পর তারা সিদ্ধান্ত নেবেন পর্যবেক্ষক পাঠাবেন কি না।

ইইউ প্রতিনিধিদলটি জাতীয় পার্টির কাছে কী জানতে চেয়েছে, এমন প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, আমরা বলেছি, নির্বাচন আমরা চাই, দেশের মানুষ চায় একটি নিরপেক্ষ নির্বাচন। সে নির্বাচনটা যদি করতে হয়, তাহলে নির্বাচন কমিশন এবং সরকারের সবচেয়ে বড় ভূমিকা দরকার। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা আলোচনার মাধ্যমে সম্ভব। আসলে মূল পদক্ষেপটা সরকারের পক্ষ থেকে নেয়া প্রয়োজন।

নির্বাচনকালীন সরকার নিয়ে কোনও কথা হয়েছে কি না, জানতে চাইলে মুজিবুল হক বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনও কথা হয়নি। তারা এটা নিয়ে ইন্টারেস্টেড (আগ্রহী) না।

জাতীয় পার্টি সংলাপ চায় কি না, এমন প্রশ্নের জবাবে দলটির মহাসচিব বলেন, জাতীয় পার্টি অবশ্যই সব সময় সংলাপ চায়। কারণ, সংলাপ ছাড়া তো কোনও সমস্যার সমাধান হবে না। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, বড় দুটি রাজনৈতিক দল আজকে দুই পয়েন্টে (অবস্থানে)। দুই দলই বলছে, এক দফা। কিসের এক দফা? আমরা চাই জনগণের স্বার্থে কোনও দফাটফা না। নির্বাচনটা কীভাবে করা যায়, সুষ্ঠুভাবে করা যায়, সবার সহযোগিতায়-সে বিষয়ে সবার একসাথে কথা বলা দরকার।

জাপা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *