জাতীয় পার্টির দুর্ণাম নেই

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি একমাত্র সম্ভাবনাময় পার্টি। জাতীয় পার্টির কোন দূর্নাম নেই। বলেন, জাতীয় পার্টির ঐতিহ্য আছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন করেছিলেন।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও আমিনপুর মাঠে উপজেলা ও পৌর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, নিবন্ধিত দলগুলোর মধ্যে মাত্র তিনটি দলের কথা মানুষ বিবেচনা করেন। এরমধ্যে আওয়ামী লীগ দীর্ঘ দিন ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকলে যেমন উন্নয়নের ফিরিস্তি দেয়া যায়, তেমনি ব্যর্থতা ও খারাপ কাজের রেকর্ড তৈরি হয়। উন্নয়নের কথা মানুষ বেশি দিন মনে রাখে না, কিন্তু খারাপ কাজগুলো মানুষের মনে স্থায়ীভাবে থেকে যায়। আবার বিএনপি নানা সমস্যায় জর্জরিত। বিএনপি নেতৃত্ব সংকটে ভুগছে। বিএনপিতে চরম হতাশা বিরাজ করছে। কিন্তু জাতীয় পার্টি ৩০ বছর ক্ষমতার বাইরে থেকে সুসংহত হয়েছে।

তিনি বলেন, জাতীয় পার্টির আমলে ন্যায় বিচার নিশ্চিত ছিলো। কে কোন দলের সমর্থক সেটা বিবেচ্য বিষয় ছিল না, অপরাধীর শাস্তি নিশ্চিত ছিল। জাতীয় পার্টির শাসনকালে ধর্ষণ ও নারী নির্যাতন ছিল না। মৃত্যুদণ্ডের আইন করে এসিড সন্ত্রাস বন্ধ করা হয়েছিল। জাতীয় পার্টির শাসনকালে মানুষ শান্তিতে ছিলো, নিরাপদে ছিলো।

দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাতীয় পার্টি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করছে।

তিনি বলেন, বর্তমানে উন্নয়নের সাথে প্রকাশ্যে নারী নির্যাতন হচ্ছে। নারীর সম্ভ্রম বাঁচাতে হবে।

তিনি এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে ইউনিয়ন পর্যায়ে দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

সম্মেলনের সভাপতির বক্তৃতায় লিয়াকত হোসেন খোকা এমপি সোনারগাঁও পৌর ও উপজেলার নব নির্বাচিত নেতৃত্বের নাম ঘোষণা করেন। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সোনারগাঁও পৌর জাতীয় পার্টি সভাপতি নির্বাচিত হয়েছেন এম.এ. জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম। সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রব, সহ-সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু নাঈম ইকবাল।

এসময় আরও বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এম.পি, ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন খান, আসিফ শাহরিয়ার, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বেলাল হোসেন, আশরাফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ স্বপনসহ অন্যান্য নেতারা।

জাপা/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *