জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাতীয় পার্টির নেতা শফিকুল ইসলামকে কুপিয়ে বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত শাফিকুল ইসলামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাঝেরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ৪৫ বছর বয়সী শফিকুল ইসলামের বাড়ি উপজেলার তুষখালী গ্রামে। তিনি তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শফিকুল ইসলামের একটি মামলার হাজিরা ছিল। এ জন্য মোটরসাইকেলে বাড়ি থেকে আদালতে যাচ্ছিলেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে মঠবাড়িয়া-তুষখালী সড়কের মাঝেরপুল এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি মাহেন্দ্র থেকে নেমে তার মোটরসাইকেলের গতি রোধ করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন এবং বাঁ পায়ের গোড়ালি কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস ইসলাম বলেন, শাফিকুলের বাঁ পায়ের গোড়ালি ধারালো অস্ত্রের কোপে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার পেটসহ বিভিন্ন স্থানে জখম রয়েছে। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আদালতে যাওয়ার পথে শাফিকুলকে তিন থেকে চারজন ব্যক্তি কুপিয়ে জখম করেছেন। পূর্বশত্রুতার জেরে এ হামলা হতে পারে। এ ঘটনায় মামলা হবে।

পিরোজপুর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *