জাতীয় প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর

১০ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বিদায়ী কমিটির সভাপতি সাইফুল আলম নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমীনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এছাড়া বিদায়ী সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস খানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। ছবি: আর্ট নিউজ

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিদায়ী কমিটি ও নবনির্বাচিত কমিটির যৌথ সভায় দায়িত্ব হস্তান্তর করা হয়। বিদায়ী কমিটির সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম সভায় সভাপতিত্ব করেন। দায়িত্ব হস্তান্তরের পর সাইফুল আলমের পরিবর্তে ফরিদা ইয়াসমীন সভায় সভাপতিত্ব করেন।

সভায় সাইফুল আলম জাতীয় প্রেসক্লাবের জমির দলিল ফরিদা ইয়াসমীনকে বুঝিয়ে দেন। জমি সংক্রান্ত অন্যান্য দলিলও এ সময় বুঝিয়ে দেয়া হয়।

সভার শুরুতে বিদায়ী ও নতুন কমিটির নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

সভায় বিদায়ী ও নবনির্বাচিত নেতারা তাদের অনুভূতি প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সভাপতি সাইফুল আলম, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া এবং সদস্য কল্যাণ সাহা ও শামসুদ্দীন আহমেদ চারু।

নবনির্বাচিতদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ফরিদা ইয়াসমীন, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক মাইনুল আলম ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্যদের মধ্যে রহমান মুস্তাফিজ, জাহিদুজ্জামান ফারুক, আইয়ুব ভূঁইয়া, সৈয়দ আবদাল আহমেদ, বখতিয়ার রানা, কাজী রওনক হোসেন, রেজানুর রহমান, শাহনাজ বেগম পলি ও শাহনাজ সিদ্দিকী সোমা।

জাতীয় প্রেসক্লাব/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *