১৩ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেস ক্লাবের সদস্য সন্তানসহ বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
শনিবার জাতীয় প্রেস ক্লাব ও জাতীয় শিশু কিশোর সংগঠন শেখ রাসেল শিশু সংসদের যৌথ উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
এসময় শিক্ষামন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, একজন মানুষের তিনজন মা থাকে। নিজের মা, নিজের দেশ ও নিজ মাতৃভাষা। এই তিন মায়ের মধ্যে নিজের মায়ের মতই বাকি দুই মাকে বঙ্গবন্ধুর মত ভালবাসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর মতই দেশকে ভালবাসেন। তোমাদেরকেও নিজের মায়ের মত দেশকে ভালোবাসতে হবে। নিজের ভাষাকে ভালো করে শিখতে হবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলতে শিশুদের প্রতি আহ্বান জানান।
জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রদর্শনী ও শিশু শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক মাঈনুল আলম। এসময় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী ও ব্যবস্থাপনা কমিটির সদস্য আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রেস ক্লাব/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply