জিততে পারবে না জেনেই নির্বাচন নিয়ে বিএনপির তালবাহানা

নিউজ ডেস্ক: জিততে পারবে না জেনেই বিএনপি নির্বাচন নিয়ে তালবাহানা করে। এমন মন্তব্য আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদের।

শনিবার রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি অনড় -এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশ যেমন ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কন্টিনেন্টাল ইউরোপের দেশগুলোর মতোই আমাদের দেশে সংবিধান অনুযায়ী বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হবে।

উদাহরণ দিয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি ডান-বাম-অতি ডান-অতি বাম সবদলকে সাথে নিয়ে ২০০৮ সালের নির্বাচন ও তারপর উপনির্বাচন মিলে ত্রিশটির মতো আসন পেয়েছিল। ২০১৪ সালে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে বিএনপি পাঁচশ’র বেশি ভোটকেন্দ্র স্কুল ও সেখানকার শিক্ষার্থীদের বইখাতা পুড়িয়ে দিয়েছে, কয়েকজন নির্বাচন কর্মকর্তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। ২০১৮ সালের নির্বাচনেও সংশয়ে থেকে শেষ পর্যন্ত সবরকম জোট করে ছয়টি আসন পেয়েছে।

ডক্টর হাছান বলেন, সহজেই বোঝা যায়, নির্বাচনে জেতার কোনও আশা তাদের নেই। আর সে কারণেই তাদের তত্ত্বাবধায়ক সরকারের অলীক স্বপ্ন, এতো তালবাহানা।

বিএনপি নেতাদের ‘রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় তেমন লোক হবে না’ এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যেসব নেতারা রাজশাহীতে লোক হবে না বলছেন, তাদের এসে দেখে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। তারা চাইলে প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে তাদের আনার ব্যবস্থা করা হবে।

রোববারের জনসভায় ১৪ দলের নেতারা যোগ দিতে পারবেন কি না এ প্রশ্নে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জনসভাটি বাংলাদেশ আওয়ামী লীগের, ১৪ দলীয় জোটের নয়। তবে আমাদের জোটের শরীকরা, তারা আমন্ত্রিত, তারা এলে আমরা খুশি হবো।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য মোহাম্মদ আয়েন উদ্দিন, দলের কেন্দ্রীয় সদস্য বেগম আকতার জাহান, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার এবং সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা এ সময় উপস্থিত ছিলেন।

হাছান মাহমুদ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *