২ আগস্ট ২০২২ (স্পোর্টস ডেস্ক): জিম্বাবুয়ের কাছে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ। এই সিরিজের আগে বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলে ৬টি সিরিজ। যেখানে তিনটি সিরিজ জিতে বাংলাদেশ আর তিনটি সিরিজ হয় ড্র।
হারারেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। সিরিজ সমতায় আনার পর শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে টাইগাররা হারল ১০ রানে।
ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই দলীয় ১৩ রানে সাজঘরে ফেরেন লিটন দাস। দেশের ঘরোয়া ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন তার অভিষেক ম্যাচে ২ রানের বেশি করতে পারেননি। এনামুল হক বিজয় বরাবরের মতো ব্যর্থ। ১৪ রান করে মাধভেরের বলে হন বোল্ড। নাজমুল হোসেন শান্তকে ১৬ রানে ফেরান সিন উইলিয়ামস। মাহমুদউল্লাহ রিয়াদ ২৭ বলে ২৭ রান করে ফেরেন সাজঘরে।
শেষ দিকে শেখ মেহেদীর ২২, আফিফ হোসেনের অপরাজিত ৩৯ রান ছাড়া বাকিরা ব্যর্থ ব্যাট হাতে।
জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন ভিক্টোর নায়ুচি। ২ উইকেট নেন ব্র্যাড ইভান্স ও ১টি উইকেট নেন ওয়েসলে মাধভেরে, সিন উইলিয়ামস এবং লুক জঙ্গওয়ে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তোলে জিম্বাবুয়ে। প্রথম ছয় ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি নাসুম আহমেদ, শেখ মেহেদীদের তোপে।
নাসুম তার প্রথম ওভারের প্রথম বলেই ফেরান ওপেনার রেগিস চাকাভাকে। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ওয়েসলে মাধভেরেকে ৫ রানে বোল্ড করে ফেরান শেখ মেহেদী। পরের বলেই শূন্য রানে ফেরান সিকান্দার রাজাকে।
ছয় ব্যাটসম্যানের দ্রুত বিদায়ে জিম্বাবুয়ের রান যখন একশর নিচে আটকে যাচ্ছিল তখন ১৫তম ওভারে পাঁচটি ছক্কা আর এক চারে ৩৪ রান তুলেন রায়ান বার্ল।
রেকর্ড করা বার্লকে ৫৪ রানে ফেরান হাসান মাহমুদ। শেষ দিকে লুক জঙ্গওয়ে করেন ৩৫ রান। তাকেও ফেরান হাসান।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন শেখ মেহেদী ও হাসান মাহমুদ। ১টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ ও মাহমুদউল্লাহ।
রোহিঙ্গা ক্যাম্প/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply