টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

২০ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

আগের দুই ম্যাচে টস ভাগ্য ছিল না তার পক্ষে। এবার হোয়াইটওয়াশ মিশনে শুরুতেই হাসিমুখ তামিম ইকবালের।

শেষ ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচটিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ উইকেট নেয়া শরিফুল ইসলামকে বিশ্রাম দেয়া হয়েছে। আর আঙুলের চোটে এ ম্যাচটি খেলতে পারছেন না অফস্পিনার মেহেদি হাসান মিরাজ।

হারারে স্পোর্টস ক্লাবে এই ম্যাচটি জিতলে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরও ১০ পয়েন্ট নিশ্চিত হবে টাইগারদের। এই ১০ পয়েন্ট পেলে সরাসরি বিশ্বকাপে খেলার পথে অনেকটা এগিয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিকে জিম্বাবুয়ে দলেও দুই পরিবর্তন। বাদ পড়েছেন ওপেনার টিনাশে কামুনহুকামউই। তার জায়গায় ফিরেছেন রায়ান বার্ল। বিশ্রাম পেলেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। দলে ফিরেছেন আরেক পেসার ডোনাল্ড টিরিপানো।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ:

ব্রেন্ডন টেলর (অধিনায়ক), টিমাইসেন মারুমানি, রায়ান বার্ল, রেজিস চাকাভা, ডিওন মায়ার্স, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, লুক জঙ্গুয়ে, ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা।

ক্রিকেট/এসকেএম