২৯ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ-১ এর নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। দলে এসেছে দু’টি পরিবর্তন। নুরুল হাসান ও নাসুম আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পান সৌম্য সরকার ও তাসকিন আহমেদ।
তৃতীয় ওভারে মুস্তাফিজের বলে পয়েন্টে ঠেলে রান নিতে দৌঁড় দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল। কিন্তু অপরপ্রান্তে গেইলের ডাকে সাড়া দেননি এভিন লুইস। পয়েন্টে থাকা সাকিবের ছুড়ে দেয়া বল স্ট্যাম্প খুঁজে পায়নি। ফলে বেঁচে যান গেইল। তবে ওভারের শেষ বলে ফিজের লেগ স্ট্যাম্পের বল উড়িয়ে মারতে গিয়ে আকাশে তুলে দেন ৯ বলে ৬ রান করা লুইস। স্কয়ার লেগে ক্যাচটি লুফে নেন মুশফিক।
চতুর্থ ওভারে গেইলকে বোল্ড করেন স্পিনার মাহেদি হাসান। ১০ বল খেলে ৪ রান করে আউট হন গেইল।
সপ্তম ওভারের মাহেদির বলে লং-অফে সৌম্যকে হাতে ক্যাচ দেন ৭ বলে ৯ রান করা হেটমায়ার, দলীয় ৩২ রানে। ১৩তম ওভারে ইনজুরির কারণে মাঠ ছাড়েন পোলার্ড। ১৬ বলে ৮ রান করেন তিনি।
তাসকিনের বলে ব্যাক-ড্রাইভ শট খেলেন চেজ। বল পায়ে লাগিয়ে নন-স্ট্রাইকের উইকেট ভাঙেন তাসকিন। লাইনের বাইরে থাকা রাসেল রান আউট হন।
সাকিবের ডেলিভারিতে মিড উইকেটে চেজের ক্যাচ ফেলেন মাহেদি। একই ওভারে নিকোলাস পুরানকে স্ট্যাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন উইকেটরক্ষক লিটন।
১৯তম ওভারের প্রথম দুই বলে পুরান ও চেজের বিদায় নিশ্চিত করেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজ ডোয়াইন ব্রাভোকে শিকার করেন ফিজ। শেষ ওভারে ১৯ রান তুলে ৭ উইকেটে ১৪২ রানের লড়াকু স্কোর পায় ওয়েস্ট ইন্ডিজ।
মাহেদি, মুস্তাফিজুর ও শরিফুল ২টি করে উইকেট নেন। উইকেট পাননি তাসকিন ও সাকিব।
বিশ্বকাপ/এএমএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply