২৬ জুন ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে হ্যাটট্রিক শিরোপা জয় করল আবাহনী লিমিটেড। এবারের বঙ্গবন্ধু ডিপিএল টি-টোয়েন্টি আসরের শিরোপা জিতে হ্যাটট্রিক পূর্ণ করলো ঐতিহ্যবাহী আবাহনী।
শনিবার সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে আবাহনী ৮ রানে হারিয়েছে প্রাইম ব্যাংককে। এই জয়ের গত পাঁচ বছরের মধ্যে চতুর্থবারের মত ডিপিএলের শিরোপা জিতলো আবাহনী। আবাহনীর এটি ২১তম শিরোপা। এবারের লিগে ১৬ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করলো আবাহনী। ১৬ খেলায় ২২ পয়েন্ট নিয়ে রানারআপ হলো প্রাইম ব্যাংক।
মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আবাহনী। ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় আবাহনী। প্রথম দুই ওভারেই দুই ওপেনারকে হারায় আবাহনী। পেসার মুস্তাফিজ ও রুবেল হোসেন ১৫ রানে ফেরত পাঠান দুই ওপেনারকে।
শুরুর ধাক্কা সামলিয়ে ২ চার ও ১ ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন লিটন। দলীয় ৩১ রানে বিদায় নেন তিনি। এরপর শান্ত ও অধিনায়ক মোসাদ্দেক রানের চাকা সচল রাখেন। দলীয় ১০১ রানে বিচ্ছিন্ন হন শান্ত-মোসাদ্দেক। ৬১ বলে ৭০ রান যোগ করেন শান্ত-মোসাদ্দেক জুটি। ৪০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন শান্ত।
ইনিংসের শেষ দিকে দ্রুত রান তুলেছেন আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন। আফিফ ৭ বলে ১২ ও সাইফুদ্দিন ১৩ বলে দুই ছক্কায় অপরাজিত ২১ রান করেন। ৩৯ বলে ১টি করে চার-ছক্কায় ৪০ রান করেন মোসাদ্দেক। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে আবাহনী। প্রাইম ব্যাংকের রুবেল ২২ রানে ২ উইকেট নেন।
১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬৬ রানেই পাঁচ উইকেট হারায় প্রাইম ব্যাংক। ৪১ রানে আউট হন ওপেনার রুবেল মিয়া। প্রাইম ব্যাংকের শেষ ভরসা অলক কাপালি দলকে জেতাতে পারেননি।
শেষ ওভারে ১৬ রান প্রয়োজন ছিল প্রাইম ব্যাংকের। প্রথম তিন ডট বলের পর চতুর্থ বলে ছক্কা হাঁকান কাপালি। শেষ দুই বলে ১০ রানের পরিবর্তে ১ রান পাওয়ায় প্রাইম ব্যাংক থেমে যায় ৯ উইকেটে ১৪২ রানে। আবাহনীর সাইফুদ্দিন ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।
আবাহনী/এসকেএম














