২৯ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
বৃহস্পতিবার বিকাল ৪টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অজিরা।
ওয়েস্ট ইন্ডজের বার্বাডোস থেকে কোয়ান্টাস এর চাটার্ড বিমানে চেপে বাংলাদেশে পা রাখলেন ম্যাথু ওয়েডের দল। বিমানবন্দর থেকে সরাসরি চলে যাবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে।
এরআগে একই দিনে সকাল ৯টার দিকে জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরে একই হোটেলে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
তিনদিনের কোয়ারেন্টাইন শেষ অনুশীলনে নামবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে হবে না। তার আগে অবশ্য দুই দফায় করোনা ভাইরাস পরীক্ষা নেগেটিভ হতে হবে।
করোনাভীতি এবং চোটে পড়ে অস্ট্রেলিয়ার প্রথম সারির বেশ কয়েকজন এই সিরিজে খেলছেন না। উইন্ডিজ সিরিজে চোটে পড়ে বাংলাদেশ সফরে আসা হয়নি দলটির অধিনায়ক অ্যারন ফিঞ্চের।
একই সমস্যা বাংলাদেশ শিবিরেও। চোটের কারণে দলে নেই ওপেনার তামিম ইকবাল। কোয়ারেন্টাইন ইস্যুতে ছিটকে গেছেন মুশফিক-লিটনও। চোটে আক্রান্ত পেসার মুস্তাফিজুর রহমান।
আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।
ক্রিকেট/এসকেএম















