নিউজ ডেস্ক: বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, সংবিধান পরিবর্তনের (তত্ত্বাবধায়ক সরকারের বিধান রেখে সংবিধান পরিবর্তন) মতো দাবির দুঃসাহস কী করে হলো। তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বিএনপিকে মাথা থেকে নামাতে হবে। সংবিধান অনেক কচুকাটা করেছেন। জনগণ সংবিধানকে আর কচুকাটা করতে দেবে না।
বুধবার রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে খিলগাঁও থানা ও ১ ২, ৩ ও ৭৫ নং ওয়ার্ড এর ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
খিলগাঁও থানা আওয়ামী লীগ সভাপতি লায়ন শরীফ আলী খানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। এ ছাড়াও সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি শহীদ সেরনিয়াবাত, সদস্য সহিদুল ইসলাম মিলনসহ অন্যরা বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের বলেন, দুই তিনটা সমাবেশ করে বিএনপির ভাবখানা এমন যে তারা ক্ষমতায় এসে গেছে, ক্ষমতা এতো সহজ নয়। আগামী ডিসেম্বরে খেলা হবে রাজপথে। বিএনপি সমাবেশের নামে মানুষের ঢলের কথা বলে; কিন্তু ডিসেম্বরে মানুষের গর্জন শুনতে পাবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, ফখরুল সাহেব, কোথায় আছেন, আসুন একটু খিলগাঁও। এক দিন আগে জনসভা করেছেন, এর তিন ভাগের এক ভাগ লোকও হয়নি। জনস্রোত তো এখনও দেখেননি। ডিসেম্বরে সমুদ্রের গর্জন শুনতে পাবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির লজ্জা নেই, তাই তারা বিভিন্ন দূতাবাসে গিয়ে শুধু দেশের বিরুদ্ধে নালিশ করে। বিএনপি মনে করে ভারত আমেরিকা তাদের ক্ষমতায় বসিয়ে দিবে।
বিএনপিকে নালিশ পার্টি উল্লেখ করে তিনি বলেন, এদের লজ্জা নাই দেশ বিদেশে নালিশ করে বেড়াচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর কাছে নালিশ করে। নরেন্দ্র মোদি আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে এমন আশা থেকে বেরিয়ে ভোটের মাঠে আসুন।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply