নিউজ ডেস্ক: বিএনপির দম ফুরিয়ে গেছে বলে তারা এখন হাঁটার পথ ধরেছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
শুক্রবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল আগাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, মানুষ যেমন দম ফুরিয়ে গেলে আর দৌড়াতে পারে না, তেমনি মনে হচ্ছে বিএনপির দম ফুরিয়ে গেছে। তাই তারা ঢাকায় এখন পদযাত্রা অর্থাৎ হাঁটার কর্মসূচি দিয়েছে। আসলে গাড়ি পুরনো হয়ে গেলে মাঝে মাঝে স্টার্ট না দিলে গাড়ি অচল হয়ে যায়। সে কারণেই বিএনপিও ক’দিন পরপরই নানা কর্মসূচি ঘোষণা করে।
আগামী সংসদ নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আমরা আওয়ামী লীগ সারা বছর মানুষের কাছে যাই, তাদের পাশে থাকি। গত ১৪ বছর ধরে আমরা মানুষের পাশে আছি, আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো।
হাছান মাহমুদ স্মরণ করিয়ে দেন, করোনা মহামারির সময় খাদ্যসামগ্রী বলুন আর করোনা প্রতিরোধ সামগ্রী বলুন, সরকারের পাশাপাশি এই আওয়ামী লীগই সারাদেশের মানুষের কাছে সেগুলো পৌঁছে দিয়েছে। সেটা করতে গিয়ে অনেক নেতাকর্মী করোনা আক্রান্ত হয়েছেন, অনেকে প্রাণ হারিয়েছেন। বিএনপিকে সেই সময় খুঁজেও পাওয়া যায়নি। ঝড়-বন্যা-ঘুর্ণিঝড়সহ যে কোনও দুর্বিপাকেও আওয়ামী লীগই সবসময় মানুষের পাশে ছিল, আছে। বিএনপির নেতারা নির্বাচনের আগে শীতের পাখির মতো আসে, খায়দায়, মোটাতাজা হয়ে আবার চলে যায়।
রোববার প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে দলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এই সফর নিয়ে সমগ্র রাজশাহী বিভাগের মানুষ ও নেতা-কর্মীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তাতে জনসভাস্থল মাদ্রাসা মাঠে কোনোভাবেই মানুষের স্থান সংকুলান সম্ভব নয়। সমগ্র রাজশাহীর জনগণ শেখ হাসিনাকে বরণ করতে উন্মুখ হয়ে আছে। লাখ লাখ মানুষের আগমনে পুরো শহরই জনসমুদ্রে পরিণত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর ও জনসভার প্রস্তুতি উপলক্ষে আওয়ামী লীগের রাজশাহী ও রংপুর বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ আজ বিকেলে ঢাকা থেকে রাজশাহী পৌঁছান। তিনি বিমানবন্দর থেকে সরাসরি জনসভা ময়দান মাদ্রাসা মাঠে উপস্থিত হন ও কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে মাঠ পরিদর্শন করেন।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply