১০ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করাই বিএনপির উদ্দেশ্য। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
এদেশের রাজনীতিতে কে মানবিকতার নজির স্থাপন করেছেন? আর কারা রাজনীতিতে শিষ্টাচারহীনতা, অশালীনতার চর্চা করে যাচ্ছে -বিএনপির কাছে এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। বলেন, ২১ আগস্ট রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল বিএনপি। অথচ তখন সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া বলেছিলেন গ্রেনেড নাকি শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন। এই বক্তব্য কোন সভ্য দেশের নেতার বক্তব্য ছিল?
বিএনপি মহাসচিব যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর প্রদত্ত বক্তব্যের সমালোচনা করে বলেছেন, কোনও সভ্য দেশের নেতার এমন বক্তব্য নাকি আশা করা যায় না- একথা বলার আগে আয়নায় নিজের চেহারা দেখার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সন্তানের মৃত্যুর পর বেগম জিয়াকে সান্তনা দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন গিয়েছিলেন, তখন তারা দরজা বন্ধ করে দিয়েছিলেন। সেই অমানবিক ও অসভ্য আচরণ কোন সভ্য দেশের একটি রাজনৈতিক দলের প্রধান করতে পারেন? এর জবাব কি দিবেন বিএনপি মহাসচিব?
তিনি বলেন, গণভবনে চায়ের আমন্ত্রণের বিপরীতে অকথ্য ভাষায় গালিগালাজ কোন সভ্য দেশের একজন দলপ্রধান করতে পারেন? তার জবাবও কি বিএনপি মহাসচিব দিবেন?
বিএনপি নেতারা এখন বেগম জিয়ার জন্য মায়া কান্না করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অথচ তার মুক্তি ও চিকিৎসার জন্য চোখে পড়ার মতো একটি মিছিলও তারা করতে পারেনি।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply