দেশের করোনা পরিস্থিতি অবনতির দিকে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৮৪৬ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৫ জন। এ নিয়ে দেশে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৬৩ হাজার ২৬ জন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গতকালের চেয়ে আজ করোনা ভাইরাসের ১৬৩ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিল ২ হাজার ৮২৮ জন। মোট আক্রান্তের ৭১ শতাংশ পুরুষ এবং নারী ২৯ শতাংশ। এছাড়া গতকালের চেয়ে আজ ৫ জন বেশি মৃত্যুবরণ করেছেন। আগের দিন মারা গিয়েছিলেন ৩০ জন।

তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছে ৫২১ জন। গত ২৪ ঘন্টায় দেশে ৫০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪৮৬টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৮৮টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৬০২টি নমুনা পরীক্ষা কম হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *