নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৫ জেলের দণ্ড

নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে পাঁচ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় মাছ ধরার ২টি নৌকা, ৩ হাজার মিটার জাল এবং ৫০ কেজি মাছ জব্দ করা হয়।

শুক্রবার উপজেলার মুহুরি প্রকল্প এলাকা থেকে চর খোন্দকার ও চর আবদুল্লাহ এলাকায় বড় ফেনী নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম অনীক চৌধুর ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা গণমাধ্যমকে বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বড় ফেনী নদীতে অভিযান চালানো হয়। অভিযানে নদীতে জাল ফেলে মাছ ধরার অভিযোগে আটক জেলেদের কাছ থেকে ৩ হাজার হাজার মিটার জাল, ২টি নৌকা, ৪০ কেজি ইলিশসহ মোট ৫০ কেজি মাছ জব্দ করা হয়। পরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরী।

দণ্ড পাওয়া পাঁচ জেলে হলেন মোহাম্মদ স্বপন, মোহাম্মদ কোরবান আলী, মোহাম্মদ সোহাগ, হাসান মিয়া ও মোহাম্মদ মোস্তফা মিয়া। তারা সবাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর এলাকার বাসিন্দা।

মৎস্য কর্মকর্তা তূর্য সাহা আরও বলেন, অভিযানে জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। নৌকা দুটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, মেরিন ফিশারিজ খাইরুল বাশারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত জেলেদের আজ বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের পাশাপাশি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সক্রিয় আছেন।

প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে ৬ অক্টোবর রাত ১২টা থেকে টানা ২২ দিন ইলিশ শিকার, বিপণন, মজুত ও পরিবহনে নিষেধাজ্ঞা দেয় সরকার। এ নিষেধাজ্ঞা বহাল থাকবে ২৮ অক্টোবর পর্যন্ত।

ইলিশ শিকার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *