নেতৃত্বের অভাবে বিএনপি নানা ভাগে বিভক্ত

৩১ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): নেতৃত্বের অভাবে বিএনপি আজ নানা ভাগে বিভক্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নেতা কে? তাদের আন্দোলনের নেতা কে? তাদের দলে গণতন্ত্র নেই, তারা আজ নানা ভাগে বিভক্ত।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি আবার ক্ষমতায় আসে- তাহলে দেশের উন্নয়ন-অর্জন ধ্বংস হয়ে যাবে। দেশের গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস হয়ে যাবে।

বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। আওয়ামী লীগ কচু পাতার শিশির বিন্দু নয় যে টোকা লাগলেই পড়ে যাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন-অর্জনে বিশ্বের বিস্ময়। শেখ হাসিনার সততা ও নেতৃত্বের জন্য সারা দুনিয়ায় মানুষ আজ প্রশংসা করছে।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের যে কোন দলের চেয়ে আওয়ামী লীগ অনেক এগিয়ে। শেখ হাসিনার নেতৃত্বের গুণে তা সম্ভব হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের নেতাদের উদ্দেশে বলেন, সম্মেলনে মধ্য দিয়ে কোন ভাবেই পকেট কমিটি করা যাবে না। কমিটি করতে হবে দুঃসময়ের ত্যাগী কর্মীদের দিয়ে।

আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে দলের সব নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নওগাঁ জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান ও এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, নওগাঁ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *