নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন একঝাক তারকা। প্রায় এক ডজন তারকা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছে নায়ক, নায়িকা, সঙ্গীতশিল্পী ও প্রযোজক।
বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবারও মনোনয়ন ফরম তুলেছেন। তিনি নির্বাচন করতে আগ্রহী নীলফামারী-২ আসন থেকে। বর্তমান সংসদের আরেক সদস্য সঙ্গীতশিল্পী মমতাজ ফরম তুলেছেন মানিকগঞ্জ-২ আসনের। তবে সংরক্ষিত আসনের বর্তমান সংসদ সদস্য সুবর্না মোস্তফা নির্বাচনে আগ্রহী নন বলে জানিয়েছেন নিকটজনদের।
চিত্রনায়ক রুবেল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বরিশাল-৩ আসনের জন্য। তার জন্ম বরিশালের বাবুগঞ্জে। চিত্রনায়ক শাকিল খান গেল নির্বাচনে মনোনয়ন পাননি। এবার তিনি বাগেরহাট-৩ আসনে মনোনয়ন পাবেন বলে আশাবাদী।
‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত নায়ক ফেরদৌস ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। চিত্রনায়ক ফারুকের মৃত্যুর পর এ আসনের উপ-নির্বাচনেও মনোনয়ন চেয়েছিলেন। পরে সে আসনে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন অধ্যাপক এ আরাফাত। তবে এবার ঢাকা-১৭ এর পাশাপাশি কুমিল্লা-১ বা যশোরের একটি আসন থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী ফেরদৌস।
ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল। অভিনেতা, প্রযোজক ও পরিচালক ডিপজল ঢাকা-১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী। চিত্রনায়িকা মাহিয়া মাহি ফরম তুলেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। পাবনা-৫ আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান।
আগেও বেশ কয়েকবার মনোনয়ন চেয়েছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। এবার ফরম জমা দিয়েছেন ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসনের। অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী নির্বাচনে আগ্রহী। তারা দুইজনই ফেনী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী।
২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। একসময় বাম ঘরানার রাজনীতির সাথে যুক্ত ও প্রচণ্ড আওয়ামীবিরোধী হিসেবে পরিচিতি পাওয়া জ্যোতি এবার নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। গেলবার তিনি ময়মনসিংহ-১১ আসনের জন্য মনোনয়ন চেয়েছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহরের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোট গ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।
নির্বাচন/এএমএম/কিউটি
প্রবাসীদের খবর জানতে ক্লিক করুন: http://www.nrb365.com
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply