পরাজিত মেম্বার প্রার্থীর লাশ উদ্ধার

৯ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, নোয়াখালী): নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নির্বাচনে পরাজিত ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থী জহিরুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছনগাঁও গ্রামের রাস্তাসংলগ্ন একটি মাছের খামার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ৫৩ বছর বয়সী জহিরুল ইসলাম উপজেলার বজরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হায়াত আহমদের ছেলে। পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় হন।

নিহতের ছোট ভাই জাকির জানান, শনিবার রাত ১২টার দিকে কে বা কারা আমার ভাইকে মোবাইল ফোনে কল করে ডেকে নেয়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে রোববার সকাল ৬টার দিকে রাস্তার পাশে একটি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত জহির স্থানীয় বজরা বাজারের ব্যবসায়ী ছিলেন। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি ইউপি সদস্য পদপ্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তালা প্রতীকে ওই নির্বাচনে অংশগ্রহণ করে তিনি দ্বিতীয় হন।

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে সুরতহাল সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মরদেহ উদ্ধার/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *