পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ইংলিশরা।

রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৮ উইকেটে ১৩৭ রান তুলতে সমর্থ হয় তারা। পাকিস্তানের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ। ২৮ বলে মাত্র ৩২ রান করে ফেরেন অধিনায়ক বাবর আজম। ১৪ বলে ২০ রান করেন শাদাব খান।

১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয়ে শিরোপা নিজেদের করে নেয় ইংল্যান্ড। দলের জয়ে ৪৮ বলে অপরাজিত ৫১ রান করেন বেন স্টোকস। এছাড়া ১৭ বলে ২৬ রান করে ফেরেন অধিনায়ক জস বাটলার।

শিরোপা নিশ্চিতে মামুলি স্কোর তাড়া করতে নেমে শাহিন আফ্রিদি ও হারিস রউফের গতির মুখে পড়ে ৪৫ রানেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড।

ইনিংসের প্রথম ওভারের শেষ বলে অ্যালেক্স হেলসকে মাত্র ১ রানে বোল্ড করে সাজঘরে ফেরান পাঠান আফ্রিদি।

ইনিংসের চতুর্থ ওভারে ফিল স্টলকে আউট করেন হারিস রউফ। দলীয় ৩২ রানে ৯ বলে ১০ রান করে ফেরেন তিনি।

জয়ের লক্ষ্যে শুরু থেকে ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে যাওয়া ইংল্যান্ড অধিনায়ককে আউট করেন হারিস রউফ। তার দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৭ বলে তিন চার আর এক ছক্কায় ২৬ রান করে ফেরেন বাটলার। তার বিদায়ে ৫ দশমিক ৩ ওভারে ৪৫ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর হ্যারি ব্রুককে সাথে নিয়ে চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়েন বেন স্টোকস। ব্রুককে আউট করে এই জুটি ভাঙেন শাদাব খান। ২৩ বলে ২০ রান করে ফেরেন হ্যারি ব্রুক। তার বিদায়ে ৮৪ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড।

১৩তম ওভারে শাদাব খানের বলে লংঅফে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ তুলে দেন হ্যারি ব্রুক।

এরপর জয় থেকে মাত্র ৬ রান দূরে থেকে মইন আলী ১৯ রান করে আউট হলেও শেষ পর্যন্ত টিকে থেকে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি তুলে দলকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতান স্টোকস।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *