পাচারের সময় সাড়ে ১৩ কেজি সোনাসহ আটক ২

নিউজ ডেস্ক: ভারতে পাচারের সময় যশোরের চৌগাছা সীমান্তে ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বারসহ দুই চোরাচালানিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার বিকালে চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ দুই চোরাচালানিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মাগুরার শালিখা উপজেলার বাসিন্দা আবদুস কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম ও যশোর সদর উপজেলার এনায়েতপুর উপজেলার মহিউদ্দিনের ছেলে শাওন হোসাইন।

৪৯ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহলদল বড় আন্দুলিয়া গ্রামস্থ পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। কিছু সময় পর ৬টার দিকে টহলদল দুজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে মোটরসাইকেলযোগে চৌগাছা থেকে সীমান্তের দিকে আসতে দেখে তাদের থামতে বলা হয়।

চোরাচালানিরা না থেমে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলদল তাদের ধাওয়া করে। কিছু দূর রাস্তার সামনে আরেকটি দল মোটরসাইকেলটিকে আটক করে। পরে বিজিবি টহলদল তাদের প্রাথমিকভাবে তল্লাশি করলে তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের মোট ৪৩টি স্বর্ণের বার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, ২০২২ সাল থেকে অদ্যাবধি সর্বমোট ১১১ কেজি স্বর্ণ আটক করেছে যশোর ব্যাটালিয়ন। আটককৃত আসামিদের চৌগাছা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ থানায় মামলা দায়েরের মাধ্যমে ট্রেজারিতে জমা করা হয়।

স্বর্ণপাচার/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *