পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে কাদিপুরের চুনঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- চুনঘর এলাকার তাহির আলীর মেয়ে ৮ বছর বয়সী মেঘলা বেগম। সে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। অন্যজন একই বাড়ির মোহাম্মদ বিলাল মিয়ার মেয়ে ৬ বছর বয়সী মোহনা বেগম। সে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।

নিহত মেঘলা ও মোহনার চাচা আশিদ মিয়া জানান, মেঘলা মোহনাকে নিয়ে তার বাবার বোরো ক্ষেতে যায়। সেখানে তার বাবার কাছ থেকে মেঘলা ও মোহনা বিকাল ৪টার দিকে ২০ টাকা নিয়ে চলে আসে। বাবা ক্ষেতের কাজ শেষ করে সন্ধ্যায় বাড়িতে এসে মেয়ের কথা জিজ্ঞেস করলে পরিবারের লোকজন মেঘলা বাড়িতে আসেনি বলে জানান। মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশে একটি ডোবাতে ভাসমান লাশ দেখতে পান। সেখান থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মোহনার চাচা জায়েদ মিয়া ও জুহুর আলী একই ডোবা থেকে মোহনার লাশও উদ্ধার করেন।

কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য জেলা প্রশাসকের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি সাপেক্ষে লাশ দাফন করা হবে।

মৌলভীবাজার/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ