পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক: নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার পৃথক স্থানে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা।

মৃতরা শিশুরা হচ্ছে- হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের ৮নং ওয়ার্ড নবীপুর গ্রামের জাকের হোসেনের মেয়ে ৪ বছর বয়সী আছিয়া আক্তার, একই বাড়ির মোহাম্মদ সোহেলের মেয়ে ২ বছর বয়সী মুনতাহা ও সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের আকবর হোসেনের ছেলে ২ বছর বয়সী মুজাহিদুল ইসলাম।

মৃত আছিয়া ও মুনতাহার স্বজন আরাফাত হোসেন জানান, তিন ভাই বোনের মধ্যে শিশু আছিয়া ছিল সবার ছোট এবং প্রবাসী সোহেলের একমাত্র কন্যা মুনতাহা। প্রতিদিন বাড়ির শিশুদের সাথে বাড়ির আঙিনায় খেলাধুলা করত তারা। মঙ্গলবার সকালে বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধুলা করার সময় পরিবার ও বাড়ির লোকজনের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় তারা দুইজন।

বেলা ১১টার দিকে বাড়ির লোকজন পুকুর ঘাটে গেলে তাদের দুইজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সুবর্ণচরে মৃত শিশু মুজাহিদের মামা আরিফ হোসেন বলেন, মুজাহিদুল ইসলাম আমার বোনের একমাত্র সন্তান। মঙ্গলবার সকাল থেকে বাড়ির অন্য শিশুদের সাথে ঘরের বাইরে খেলাধুলা করছিল সে। তার মাসহ পরিবারের সবাই ঘরের কাজে ব্যস্ত ছিল। এর মধ্যে কোনও একসময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘসময় ধরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে মুজাহিদকে উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *